ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপি নেতা হত্যা

চার বিষয় সামনে রেখে তদন্তে নেমেছে পুলিশ

চার বিষয় সামনে রেখে তদন্তে নেমেছে পুলিশ
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:৩৩

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি হত্যাকাণ্ডের ঘটনায় চারটি বিষয় সামনে রেখে তদন্ত করছে পুলিশ। এদিকে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।

গত বুধবার রাত পৌনে ১টার দিকে ওসমান গণিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের সৃষ্টি হয়েছে। ওসমান গণি একই সঙ্গে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায়, ওসমান গণির সঙ্গে কারও পূর্বশত্রুতা, রাজনৈতিক বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা বাণিজ্য-সংক্রান্ত ঝামেলার বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আটক দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া, পাঁচগাঁও এলাকার রমজান আলী, সুমন মিয়া ও সোলেমান হোসেন নামে চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। চারটি বিষয় সামনে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ওসি আরও বলেন, আটকদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় যারাই জড়িত হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ বিভিন্ন মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। 

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার বিনাইয়েরচর মাদ্রাসা মাঠে নিহত বিএনপি নেতার জানাজা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার আগে বক্তব্যে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তিনি বলেন, হত্যাকারী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া যাবে না। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বুধবার মধ্যরাতে পাঁচগাঁও কবরস্থান এলাকায় ওসমান গণির ওপর হামলা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া জানান, মাটি তোলাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়া ওসমান গণির প্রতি ক্ষুব্ধ ছিলেন। ব্রাহ্মন্দী ইউনিয়নের লোক হয়ে দুপ্তারা ইউনিয়নের এসে মাটি তুলছেন– এ জন্য রমজান মিয়া ওসমান গণির কাছ থেকে লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে গত মঙ্গলবার ওসমান গণির সঙ্গে রমজান আলীর বাগ্‌বিতণ্ডা হয়।
 

আরও পড়ুন

×