ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি

সেই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি
×

সমকালে ১৯ মে প্রকাশিত প্রতিবেদন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৮:১৬

পটুয়াখালীর দুমকীতে এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) বিরুদ্ধে বিনামূল্যের চিকিৎসাসেবা দিয়ে টাকা আদায়ের অভিযোগের তদন্ত শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)জি এম এনামুল হককে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। 

উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি কাজী ফাবিয়া জাহানের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন এলাকার লোকজন। দৈনিক সমকালের সরেজমিন অনুসন্ধানেও এসবের সত্যতা মেলে। এ বিষয়ে লোকালয় পাতায় ‘সেবা নিতে এলেই টাকা লাগে রোগীর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। 

প্রতিবেদনে বলা হয়েছিলো, প্রতিদিন এই ক্লিনিকে ৫০-৬০ জন রোগী আসেন। সবার কাছ থেকেই ওষুধ বিতরণ, রক্তচাপ মাপা, নেবুলাইজার করার জন্য টাকা নেন সিএইচসিপি কাজী ফাবিয়া জাহান। এমনকি ভেতরে বসে তিনি স্যালাইন পুশ করলেও ৩০০ থেকে ৫০০ টাকা আদায় করেন। এ ছাড়া এই স্বাস্থ্যকর্মী দেরিতে ক্লিনিকে এসে নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে যান বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এতে চারদিনে তিনি কখন আসেন, কখন যান–সেই তথ্যও ছিলো। 

তদন্ত কমিটির আহ্বায়ক আরএমও ডা. জি এম এনামুল হক বলেন, এ বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। সব তথ্য নিয়ে শিগগিরই প্রতিবেদন দেবেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল হাসান শাহীনের ভাষ্য, সিএইচসিপি কাজী ফাবিয়া জাহানের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার পর তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।  বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবেন। 
 

আরও পড়ুন

×