ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদের ২ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদের ২ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৯:৩৯

চট্টগ্রাম নগরের ‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি, উত্তর)। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

তারা হলেন- রাউজানের আধার মানিক এলাকার মো. শুভ (২২) ও কদলপুর শমসেরপাড়া এলাকার মো. সুমন (৩৩)। আজ শনিবার সিএমপি কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান। 

হাবিব বলেন, চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকার গোলাম আলী নাজির সড়কেরই একটি বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালাই। সে বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের অস্ত্রধারী সহযোগী মো. শুভ ও মো. সুমনকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে শুভর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া সুমনের কাছ থেকে আরেকটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

সাম্প্রতিক সময়ে নগরের চন্দনপুরা এলাকায় চাঁদাবাজির জেরে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় যুবক রাজু হত্যাকাণ্ডেও তাদের জড়িত থাকার তথ্য মিলেছে। দুই আসামির বিরুদ্ধে রাউজান থানায় পৃথক হত্যা মামলা রয়েছে। চান্দগাঁও থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

আরও পড়ুন

×