শিশুসহ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ
পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে আটক বাংলাদেশি নারী ও তার শিশুকন্যাকে হস্তান্তর করছে বিএসএফ।
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২০:৪৫ | আপডেট: ২৩ মে ২০২৬ | ২০:৫৩
পঞ্চগড়ের মাধুপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক এক বাংলাদেশি নারী ও তার মেয়েকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া থেকে বিএসএফ তাদের আটক করে বলে জানানো হয়। রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেয়া হয়। পরে বিজিবি তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়।
আটকরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) এবং তার তিন বছরের মেয়ে আয়েশা খাতুন।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকার ভারতের সিপাইপাড়া গ্রামে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে পুলিশ।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে মাইদুল শেখ নামে তার স্বামী আছেন। তিনি তার স্বামীর কাছেই যাচ্ছিলেন। বিজিবি তাদের শুক্রবার রাতে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে।’
