ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

চিটাগাং চেম্বার নির্বাচন

২৪ পরিচালক পদেই বিজয়ী ইউনাইটেড বিজনেস ফোরাম

২৪ পরিচালক পদেই বিজয়ী ইউনাইটেড বিজনেস ফোরাম
×

গতকাল শনিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার নির্বাচনে ভোট দেওয়ার পর ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার আমিরুল হকসহ অন্যরা। নির্বাচনে ২৪ পরিচালকের সবকটিতেই বিজয়ী হয় এই প‍্যানেল। ছবি-সংগৃহীত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২২:০৫ | আপডেট: ২৩ মে ২০২৬ | ২৩:০৫

এক যুগ পর সরাসরি নির্বাচনে নেতৃত্ব ঠিক হলো দেশের শতবর্ষী প্রাচীন ব্যবসায়ী সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের। নির্বাচনে ২৪ পরিচালক পদে বিজয়ী হয়েছে আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম। 

শনিবার অনুষ্ঠিত এ দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন ৬ হাজার ৭৮০ জন ভোটার। এর মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৭২৫ জন। এটি মোট ভোটের প্রায় ৪০ শতাংশ। আজ ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম। 

ইউনাইটেড বিজনেস ফোরামের দলনেতা ও চেম্বারের নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘২০১৩ সালের পর এই চেম্বারের সব কমিটি হয়েছে বিনা ভোটে। এবার সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত করেছে ভোটাররাই। ভোট দেয়ার এই অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে আমাদের।’ 

তবে অনিয়মের অভিযোগ তুলে সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন সমমনা পরিষদ ও তাদের প্যানেল ভোটের একদিন আগে এই নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছিল।

শনিবার নগরের আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেম্বারের ১৮ পরিচালক পদে ভোট দেন ভোটাররা। বাকি ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার মোট ১৭টি বুথে ভোট গ্রহণ হয়েছে। একজন সাধারণ শ্রেণির ভোটার মোট ১২টি ভোট দিয়েছেন। আর সহযোগী শ্রেণির ভোটার ভোট দিয়েছেন ৬টি করে।

চেম্বারে ব্যবসায়ীদের ভোটে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে ৬ জন পরিচালক নির্বাচিত হন। এভাবে চেম্বারের ২৪ সদস্যের পর্ষদ গঠিত হয়। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচিত হন। আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে চেম্বারের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করবেন পরিচালকেরা।

কারা কত ভোট পেয়ে নির্বাচিত হলেন-
সাধারণ শ্রেণি থেকে কামাল মোস্তফা চৌধুরী ১ হাজার ৪০৫ ভোট, এএসএম ইসমাইল খান ১ হাজার ৩৭৪, আবু হায়দার চৌধুরী ১ হাজার ৩৬৪, মো. আমজাদ হোসাইন চৌধুরী ১ হাজার ৩৫২, নাসির উদ্দিন চৌধুরী ১ হাজার ৩২১, আসাদ ইফতেখার ১ হাজার ৩০৬, আমান উল্লা আল ছগির ১ হাজার ২৭৭, মো. গোলাম সরওয়ার ১ হাজার ২৫৯, মোহাম্মদ হাবিবুর রহমান ১ হাজার ২৫৯, মোহাম্মদ শফিউল আলম ১ হাজার ২৪৯ এবং মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ১ হাজার ২১১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

সহযোগী শ্রেণিতে মো. জাহিদুল হাসান ৬৮৭ ভোট, মো. নুরুল ইসলাম ৬৬১ ভোট, মো. সেলিম নুর ৬৪৬, সরোয়ার আলম খান ৬৪১, মোহাম্মদ মশিউল আলম ৬৩২ এবং মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ৬১৮ ভোট পেয়ে এই শ্রেণি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন।

ট্রেড গ্রুপ শ্রেণিতে মোহাম্মদ আখতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক এবং এস এম সাইফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আফসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন এবং মোহাম্মদ সজ্জাদ উন নবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

সাধারণ শ্রেণিতে মোট ভোটার ছিলেন ৪ হাজার ১ জন। ভোট পড়েছে ১ হাজার ৮৪৩ বা প্রায় ৪৬ শতাংশ। সহযোগী শ্রেণিতে ভোটার ছিলেন ২ হাজার ৭৬৪ জন। ভোট দিয়েছে ৮৮২ জন; যা প্রায় ৩২ শতাংশ। 

আরও পড়ুন

×