বাগেরহাটে সৎমায়ের বিরুদ্ধে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ
ফাইল ছবি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২২:৪৮
বাগেরহাটের ফকিরহাটে সাড়ে ৬ বছর বয়সী মো. তালহা নামের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎমায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় অভিযুক্ত সৎমা রুবাইয়া আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিক্যালসের পেছনে ভাড়া বাড়িতে পানিভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎমা রুবাইয়ার সঙ্গে লখপুরে ভাড়া বাড়িতে থাকত। আর তালহার আপন মা মনিরাও বিয়ে করে অন্যত্র বসবাস করছেন।
মনিরা খানম বলেন, ‘ফোনে ছেলের অসুস্থতার খবর পেয়ে আমি এখানে আসি। এসে শুনি আমার ছেলে বালতির পানিতে ডুবে মারা গেছে। কিন্তু বালতিতে সামান্য পানি ছিল। আমার ছেলের বয়স ৬ বছর ৭ মাস, সে পানিতে ডুবে মারা যাওয়ার মতো না।’
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আপাতত দৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সৎমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
- বিষয় :
- বাগেরহাট
- শিশু হত্যা
- অভিযোগ
