ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টর্নেডোর ছোবলে বাড়িঘর বিধ্বস্ত, বৃদ্ধা নিহত

টর্নেডোর ছোবলে বাড়িঘর বিধ্বস্ত, বৃদ্ধা নিহত
×

টর্নেডোর ছোবলে বিধ্বস্ত বাড়িঘর

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০১:৫৬

শেরপুরের নালিতাবাড়ীতে টর্নেডোর ছোবলে গাছ চাপা পড়ে বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে নন্নী পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। টর্নেডোতে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত বাড়িঘর।

এলাকাবাসী জানান, শনিবার সকালে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল। আনুমানিক পৌনে ৯টার দিকে হঠাৎ টর্নেডো শুরু হয়। যার স্থায়িত্বকাল ছিল দেড় থেকে দুই মিনিট। আকস্মিক টর্নেডোর ছোবলে নন্নী পশ্চিম পাড়ায় একটি গাছ উপড়ে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে বেগম নামে এক বৃদ্ধা মারা যান।

এদিকে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত কাঁচা ও টিনশেড ঘরের চালা উড়ে গেছে। ঝড়ে উপড়ে পড়েছে বহু গাছপালা। খুঁটি পড়ে ও তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বেশকিছু এলাকার বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে যোগানিয়া, নন্নী পশ্চিম পাড়া, নন্নী উত্তরবন্দ, ছাইচাকুড়া, হাতিপাগার হয়ে বেশকিছু গ্রামের ওপর দিয়ে এই টর্নেডো বয়ে যায়।

শেরপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, শনিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী জোনাল অফিস এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে লাইন মেরামতের কাজ জোরালোভাবে চলমান রয়েছে।

নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন বলেন, ‘বৃষ্টির সময় ঘরে বসে ছিলাম। হঠাৎ টর্নেডো ছোবল মারে। মনে হচ্ছিল আমার পাকা বাড়ি উড়িয়ে নেবে। একটু পর বাইরে বেরিয়ে দেখি, আশপাশের কয়েকটি কাঁচা বাড়ির চিনের চালা উড়ে গেছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×