দেশবিরোধী চুক্তির সঙ্গে জড়িতদের বিচার দাবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
হামে পাঁচ শতাধিক শিশুর মৃত্যু, অব্যাহত শিশু ধর্ষণ ও দেশবিরোধী চুক্তির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন করা হয়।
সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার। বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আরশেদ আলী, সিংগাইর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, ঘিওর উপজেলা কমিটির সভাপতি দুলাল বিশ্বাস, জেলা কমিটির সদস্য সেতুয়ার হোসেন খান।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, বাংলাদেশ এখন একটা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে কোনো শিশু নিরাপদ নয়, প্রতিদিন শিশু ধর্ষণের শিকার হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। যারা এসব কাজ করে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্বল বক্তব্য এসব কাজে আরও উৎসাহ যোগাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সভাপতির বক্তব্যে আবুল ইসলাম বলেন, নির্বাচনের দুই দিন আগে ইউনূস সরকার দেশবিরোধী চুক্তি করেছেন। শুকুরের মাংস আমদানি করার চুক্তি করেছেন ইউনূস। ইউনূস আমেরিকার দালাল। তিনি সেন্টমার্টিন অর্ধেক
বিক্রি করে দিয়েছেন। দেশে যেসব শিশু হামে মারা যাচ্ছে, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এসব শিশুকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় ইউনূস এড়াতে পারে না। তাঁকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
- বিষয় :
- চুক্তি
