দৌলতপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩, একজন গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ বকুলের পাশে স্বজনের কান্না। গতকাল দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সমকাল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এদের একজনের পায়ে গুলি লেগেছে। জমিজমা-সংক্রান্ত শত্রুতার জেরে গতকাল শনিবার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ বকুল হোসেনক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন সুমন ও সার বানু।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম ছাতারপাড়ার বাসিন্দা কর্নেলের পরিবারের সঙ্গে মদন, মালিথা, মিস্ত্রি ও কাদানী বংশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন কর্নেলের বাড়িতে হামলা চালাতে আসে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হামলাকারী
পক্ষের বকুল হোসেনের পায়ে গুলি লাগে। প্রতিপক্ষের ইটের আঘাতে আহত হন কর্নেলের মা সার বানু ও সুমন।
এলাকাবাসী আহত তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুলিবিদ্ধ বকুল হোসেনকে সেখান থেকে
উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বা মামলা করা হলে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- আহত
