ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেবাচিম হাসপাতালে রোগীর মৃত্যু

আবারও চিকিৎসক-স্বজন হাতাহাতি, ধর্মঘটে ইন্টার্নরা

আবারও চিকিৎসক-স্বজন হাতাহাতি, ধর্মঘটে ইন্টার্নরা
×

ছবি: ফাইল

 বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১১:৫৬ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১২:৫২

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আবারও রোগী ও চিকিৎসকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকরা গতকাল রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। এতে স্থবির হয়ে পড়েছে পুরো হাসপাতালের চিকিৎসাসেবা। এ নিয়ে গত ১৫ দিনে রোগী ও স্বজনদের মধ্যে তিনটি মারামারির ঘটনা ঘটল। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মিজানুর রহমান (৪০) নামে এক রোগীকে শনিবার রাত ১২টার পর শেবাচিম হাসপাতালে আনা হয়। তিনি পটুয়াখালী সদরের হেতালিয়া বাঁধঘাট এলাকার বাসিন্দা। চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে নেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃতের ছোট ভাই রুবেল হাওলাদার বলেন, রোগীর মৃত্যুর পর হাসপাতালের ওয়ার্ডবয় লিমন ব্যবস্থাপত্র নিয়ে যাচ্ছিলেন। এ সময় আমাদের সঙ্গে থাকা বিএম কলেজের শিক্ষার্থী নাহিদ সরোয়ার কারণ জানতে চাইলে বচসা হয়। এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীরা নাহিদসহ রোগীর স্বজনদের মারধর করে আটকে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে বিএম কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে জড়ো হন। ইন্টার্ন চিকিৎসকরাও পাল্টা অবস্থান নিলে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। 

বরিশালের কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নিরাপত্তার দাবিতে ইন্টার্নদের ধর্মঘট 

শনিবার রাতের ঘটনার জের ধরে নিরাপত্তার অজুহাতে গতকাল সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের প্রায় আড়াইশ ইন্টার্ন চিকিৎসক রোগীদের প্রাথমিক চিকিৎসার মূল দায়িত্ব পালন করেন। তারা ধর্মঘটে যাওয়ায় চিকিৎসা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। 

ইন্টার্ন ডা. তানভীর হোসেন বলেন, ‘শনিবার রাতে সার্জারি ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের ওপর এক মৃতের স্বজনরা হামলা করেছে। এর আগেও বিভিন্ন সময়ে হামলা হয়েছে। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে ওয়ার্ডে ডিউটি করব না।’ 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীম বলেন, শনিবার রাতের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তিনি ইন্টার্নদের সঙ্গে বৈঠক করছেন। পরিচালক দাবি করেন, ‘ইন্টার্ন চিকিৎসকরাই বারবার রোগীর স্বজনদের হাতে মার খাচ্ছেন।’ 

আরও দুটি সহিংসতার ঘটনা 

হাসপাতালে গত ১৫ দিনে এই নিয়ে তিনটি মারামারির ঘটনা ঘটল। গত মঙ্গলবার সন্ধ্যায় নবজাতক ওয়ার্ডে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলায় শিশুটির মামা জয়দেবকে মারধর করেন মেডিকেল শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ধারণ করায় আরেকজনকে মারধর করে আটকে রাখা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 

গত ১৩ মে মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন দীপালি রাণী সিকদারের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের স্বজনের অভিযোগ, এক ট্রলিম্যান অন্য রোগীর কাছ থেকে ২০০ টাকা নিয়ে দীপালির অক্সিজেনের নল খুলে ফেলে। এতে দীপালির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মিলন সিকদার প্রতিবাদ করলে হাসপাতালের কর্মচারীরা একজোট হয়ে তাঁকে মারধর করেন। এ ঘটনায় আউটসোর্সিং কর্মচারী সোহেলকে বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটি হয়, সুরাহা হয় না 

শেবাচিম হাসপাতালে রোগীর স্বজনদের ওপর চিকিৎসকদের হামলা ও পাল্টা হামলার অভিযোগ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ ধরনের প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি হলেও তার ফলাফল বা শাস্তি সবসময় অজানা থেকে যায়। 

এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র সহকারী পরিচালক (ভাণ্ডার) ডা. মুনেম সাদ বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে স্বজনরা অভিযোগ দিয়ে হাসপাতাল ত্যাগ করেন; পরে সাক্ষ্য দিতে আসেন না। এ ছাড়া ইন্টার্নরা যেহেতু চাকরি করেন না, তাই তদন্তে অপরাধী প্রমাণিত হলেও তাদের বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া যায় না।’ 

আগের ঘটনাগুলোর তদন্ত ও শাস্তির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না দিয়ে সহকারী পরিচালক (প্রশাসন) মাহমুদুল হাসান দাবি করেন, প্রতিটি অভিযোগেরই তদন্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এ পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল মহানগরের সম্পাদক রফিকুল আলম বলেন, ‘দেশে চিকিৎসা ব্যবস্থায় ধস নামছে এবং চিকিৎসকদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। রোগী ও স্বজনদের ওপর হামলাকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং এই দায় হাসপাতাল কর্তৃপক্ষকেও নিতে হবে।’ 

আরও পড়ুন

×