ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিবন্ধন পেয়েছে মোংলা বন্দর ক্যারিয়ার মালিক সমিতি

নিবন্ধন পেয়েছে মোংলা বন্দর ক্যারিয়ার মালিক সমিতি
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৭:৪৭

প্রভাবশালীদের চাপ ও দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নিবন্ধন পেয়েছে মোংলা বন্দর ক্যারিয়ার মালিক সমিতি। গত ২১ মে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর থেকে সমিতিটিকে ‘খুলনা-২৫৮১’ নম্বরে নিবন্ধন দেওয়া হয়। এর মাধ্যমে মোংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস ও পরিবহনে যুক্ত ব্যবসায়ীদের জোটটির সরকারি স্বীকৃতি মিলেছে। সংশ্লিষ্টদের আশা, আমদানিকারকেরা নিবন্ধিত সংগঠনের মাধ্যমে পণ্য পরিবহন করায় তাদের পণ্যের নিশ্চিয়তা পাবেন। মোংলা বন্দরের পণ্য খালাসেও গতিশীলতা বাড়বে।

ব্যবসায়ীরা জানান, মোংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে পণ্য খালাশ ও পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার কাজ করতেন খুলনা অঞ্চলের নৌপরিবহন কমিশন এজেন্টরা। তাদের কোনো নিবন্ধন ছিল না। গত ১৩ জানুয়ারি তারা নিবন্ধন পাওয়ার লক্ষ্যে শ্রম অধিদপ্তরে আবেদন করেন। কিন্তু প্রভাবশালীদের চাপে সেই আবেদন বাতিল করে দেওয়া হয়। এর বিরুদ্ধে ব্যবসায়ীরা আদালতে যান। তিন মাস মামলা চলার পর আদালতের নির্দেশে বিভাগীয় শ্রম অধিদপ্তর তাদের নিবন্ধন দিয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোংলা বন্দর ক্যারিয়ার মালিক সমিতির বর্তমান সদস্য ২০ জন। ইতোপূর্বে তারা খুলনা বিভাগীয় নৌপরিবহন কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের সদস্য ছিলেন। নতুন সমিতির সভাপতি হয়েছেন জাকির হোসেন। এ ছাড়া মাহামুদ হোসেন খান সহসভাপতি, জিয়াউর রহমান সাধারণ সম্পাদক, সাদেকুর রহমান সহ-সাধারণ সম্পাদক ও কাজী মাসুম কবীর কোষাধ্যক্ষ হয়েছেন। 

সমিতিটির সভাপতি জাকির হোসেন বলেন, মোংলা বন্দরের পণ্য খালাসের কাজ দ্রুত ও বন্দরকে গতিশীল করাই তাদের লক্ষ্য। এ জন্য আমদানিকারক, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, নৌপরিবহন মালিক গ্রুপ, স্টিভিডরস অ্যাসোসিয়েশন, বিআইডব্লিউটিএ, শ্রমিক সংঘসহ সবার সহযোগিতা চান তিনি। বন্দরের সুনাম ও আয় বাড়াতে সমিতির সদস্যরা কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। 

আরও পড়ুন

×