ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরাকে বাসচাপায় প্রাণ গেল দুই বাংলাদেশির

ইরাকে বাসচাপায় প্রাণ গেল দুই বাংলাদেশির
×

বজলুর রহমান ও মনোহর আলী

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২২:১০ | আপডেট: ২৫ মে ২০২৬ | ২২:১১

ইরাকের সড়কে দ্রুতগামী বাসের চাপায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি। আজ সোমবার স্থানীয় সময় ভোররাতে দেশটির কুর্দিস্তানে এই দুর্ঘটনার শিকার হন তারা। কনফেকশনারি কারখানার কাজ শেষে তারা বাসায় ফিরছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। 

নিহতরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের বড় ছেলে মনোহর আলী (৩৫) ও চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে বজলুর রহমান (৪০)। তাদের মৃত্যুতে দুজনের গ্রামের বাড়িতে স্বজনের কান্না থামছে না। 

মনোহর আলী জীবিকার তাগিদে ইরাকে যান চার বছর আগে। বছর দেড়েক আগে যান বজলুর রহমান। তারা একই কনফেকশনারিতে কাজ করতেন। স্বজনরা জানতে পেরেছেন, কারখানায় কাজ শেষে আজ ভোরে বাসার দিকে রওনা দেন মনোহর ও বজলুর। হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন।

সোমবার দুপুরে ঘুঘুমারী এলাকায় গিয়ে মনোহর আলীর বাড়িতে স্বজনের আহাজারি দেখা যায়। কান্নাজড়িত কণ্ঠে মনোহর আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, স্বামীর সঙ্গে গত রোববার বিকেলে তাঁর সর্বশেষ কথা হয়। তিনি পরিবারের সবার খোঁজখবর নিয়েছিলেন। আজ সোমবার ভোর ৫টার দিকে ইরাকে অবস্থানরত তাদের এক স্বজন জানান, মনোহর আলী ও তাঁর সহকর্মী বজলুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর দিনই একমাত্র বসতঘরটি কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে জানিয়ে সোমা আক্তার আরও বলেন, তাঁর স্বামীই ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বিদেশ থেকে তাঁর মৃত্যুর সংবাদ আসার দিনেই ঘর হারিয়েছেন। এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের কিস্তি কীভাবে পরিশোধ করবেন, দুই ছেলেমেয়ে নিয়ে আগামী দিনগুলো কীভাবে কাটবে, সেই ভাবনায় ভেঙে পড়েছেন তিনি। 

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, উপজেলার দুই এলাকার দুই ব্যক্তি ইরাকে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বলে সামাজিক মাধ্যম সূত্রে জানতে পেরেছেন। এ বিষয়ে তিনি খোঁজখবর রাখছেন।

আরও পড়ুন

×