হঠাৎ কালবৈশাখী ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০
ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী লঞ্চ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২২:৪৫ | আপডেট: ২৫ মে ২০২৬ | ২২:৪৬
হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এ সময় যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই আরেক যাত্রীবাহী লঞ্চ ‘ময়ূর২’ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭ লঞ্চটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় ঈগল-৭ লঞ্চটি হেলে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যাগ ও মালপত্র ফেলে দ্রুত নামার চেষ্টা করেন। এতে হুড়োহুড়ির সৃষ্টি হলে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল আজাদ জানান, হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় নৌ পুলিশ দ্রুত অভিযান চালিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। লঞ্চ থেকে নামার সময় কয়েকজন যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লঞ্চ ও পন্টুনে পড়ে থাকা যাত্রীদের মালামাল তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। প্রচণ্ড ঝড়ে পন্টুন ও জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
ময়ুর ট্রান্সপোর্টের কর্মকর্তা আলী আজগর জানান, ক্ষতিগ্রস্ত লঞ্চ দুটোই ঢাকায় ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।
