নাটোরে বিএনপি কর্মীর রগ কাটার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
ফাইল ছবি
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২৩:৪০
নাটোর সদর উপজেলার হয়বতপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপির কর্মী মিজানুর রহমানের হাত ও পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। গত রোববার রাতে এ হামলায় গুরুতর আহত মিজানুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় সোমবার সন্ধ্যায় মিজানুরের বাবা রুস্তম আলী বাদী হয়ে নাটোর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাসহ আটজনের নাম উল্লেখ করে এবং আরো ৫–৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ করেছেন। সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ করা হয়, গত ২০ মে বিকেলে হয়বতপুর এলাকার কিরণের কাছে ছাত্রদল নেতা সোহেলসহ কয়েকজন মিলে ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিরণ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হয়বতপুর বাজারে মারপিট করা হয়। এসময় মিজানুর প্রতিবাদ করলে তার সাথেও বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার রাতে মিজানুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের ও ডান হাতের রগ কেটে দেওয়া হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন বলেন, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
নাটোর থানার ওসি মো. মনসুর রহমান বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে সুমন আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
