মোটরসাইকেলে বাজার যাওয়ার পথে পিকআপের সঙ্গে সংঘর্ষ, নিহত দুই ভাই
দুর্ঘটনা কবলিত পিকআপ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৩:০৮ | আপডেট: ২৬ মে ২০২৬ | ১৪:০৩
সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাসিম ফকির (৩২) ও মেহেদী (২৫)। তারা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুর ফকিরের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে মাছ কিনতে চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নাসিম ও মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাসিম। গুরুতর আহত হন ভাই মেহেদী। পরে মেহেদীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়ন বলেন, মেহেদীকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তাই তাকে খুলনা মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
