পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২, আহত ৬
প্রতীকী ছবি
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৬:০৭ | আপডেট: ২৬ মে ২০২৬ | ১৬:৩৫
জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ বিগড়ে যাওয়া মহিষের আক্রমণে দুইজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার সানন্দবাড়ী হাটে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন রাজিবপুরের জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রুহুল আমীন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান (৮০) নামে আরও একজনের মৃত্যু হয়।নিহত মজিবুর রহমান সানন্দবাড়ী চরমাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি সোমবার (২৫ মে) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতি রবিবার সানন্দবাড়ী হাটে পশুর হাট বসে। ওই দিন এক বিক্রেতা একাধিক মহিষ নিয়ে হাটে আসেন। এর মধ্যে একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং এলোপাতাড়ি ছুটে গিয়ে হাটে থাকা লোকজনকে আক্রমণ করে।
এ সময় হাটে থাকা মানুষজন দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। মহিষটির আক্রমণে রুহুল আমীনসহ অন্তত সাতজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রুহুল আমীনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্য আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমানের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুইজনে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মহিষটি হঠাৎ পাগলের রূপ ধারণ করে। হঠাৎ পাগলা হওয়া মহিষটির আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে।
