ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
×

ছবি : সংগৃহীত

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ০৩:৫৭

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে তাদের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার রাত দশটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) ও ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে আকাশ (১০)।

আকাশ বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে শেবাচিম সংলগ্ন চরেরবাড়ি এলাকায় চাচার বাসায় থেকে লেখাপড়া করত। আরাফাত ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী। ঈদ উদযাপনের জন্য চরেরবাড়ির বাসিন্দা মামা সুরুজ  মিয়ার বাসায় বেড়াতে গিয়েছিল।

আকাশের চাচা মাসুদ জানান, মঙ্গলবার দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয় আকাশ। এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের দিঘি থেকে আকাশের মরদেহ উদ্ধারের খবর পান।

আরাফাত মল্লিকের মামা সুরুজ জানান, আরাফাত বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকত। কোরবানির ঈদ উপলক্ষ্যে সোমবার ঢাকা থেকে বরিশালে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার দুপুরে সমবয়সী আকাশের সঙ্গে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের দীঘিতে গেছে। দিঘি থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল গৌরনদী ফায়ার স্টেশন লিডার নজরুল ইসলাম জানান, দুটি শিশু নিখোঁজের খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে মেডিকেল কলেজে গেলে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×