লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন
ঈদের জামাত অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১০:০৫ | আপডেট: ২৭ মে ২০২৬ | ১০:২৯
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ বুধবার জেলার রামগঞ্জ উপজেলার নায়াগাঁও, জয়পুরা, বিঘা, বড়া ঘরিয়া, হাটাটিয়া, শরশাই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকাপাসহ ১০টি গ্রামের সহস্রাধিক মুসল্লি ঈদ উদযাপনে অংশ নেন।
আজ সকাল ৭টার দিকে রামগঞ্জ উপজেলার জাহাঙ্গীর টাওয়ারস্থ খানকায়ে মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ শাখায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও খোলা মাঠে পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে পবিত্র মক্কা ও মদিনার সময় অনুযায়ী ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। তারা গত ৪৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- ঈদুল আজহা ২০২৬
