দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত দুই শিশু
প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১২:০৯ | আপডেট: ২৮ মে ২০২৬ | ১২:২৭
দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন।
আজ বৃহস্পতিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুদের মা দুলালী বেগম ও ফরিদা বেগম।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে টানা বৃষ্টির কারণে মহাসড়ক ফাঁকা ছিল। ফলে দ্রুতগতিতে চলছিল সিএনজিচালিত অটোরিকশাটি। গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার পথে কানাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এরপর অটোরিকশাটি উল্টে যায় এবং দুই শিশুসহ ৪ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- দিনাজপুর
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই
