ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে চামড়ার দাম কিছুটা বেড়েছে, তবু খরচ উঠছে না

রাজশাহীতে চামড়ার দাম কিছুটা বেড়েছে, তবু খরচ উঠছে না
×

কোরবানির পশুর চামড়ার বেচাকেনা চলছে। ছবিটি রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে থেকে তোলা। ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ২১:০২

গত বছরের তুলনায় রাজশাহীতে এবার কোরবানির পশুর চামড়ার দাম কিছুটা বাড়লেও তা বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে পারেনি। কেউ কেউ বলছেন, চামড়া বিক্রি করে যাতায়াতের খরচ উঠছে না। 

গত বছর ক্রেতার অভাবে ছাগলের চামড়া ফেলে দেন রাজশাহীর বিক্রেতারা। এবার ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকায়। গরুর চামড়া গত বছর ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হলেও এবার তা ৭০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত উঠেছে। 

পুঠিয়ার মৌসুমি চামড়ার হাটে ছাগলের চামড়া নিয়ে এসে ৩০ টাকায় বিক্রি করেন মজিবুর রহমান। আসার সময় তিনি ভ্যানভাড়া দেন ১৫ টাকা, যেতেও লাগবে ১৫ টাকা। বিক্রির পর খাজনা দিয়েছেন ১০ টাকা। সব মিলিয়ে চামড়া বিক্রি করে তার ১০ টাকা লোকসান হয়েছে। 

রাজশাহীর পুঠিয়ার মৌসুমি ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, গত বছর ছাগলের চামড়া কেউ কেনেনি, তাই ফেলে গিয়েছিলাম। এবারও দাম কম, তবে বিক্রি হচ্ছে। 

ব্যবসায়ী হেলাল উদ্দীন বলেন, এবার গরুর চামড়ার দর কিছুটা বেড়েছে। গত বছরের ৫০০ টাকার চামড়া এবার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো চামড়া ১২০০ টাকাতেও কেনাবেচা হচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের চামড়া কয়েক বছর আগে ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

আরেক ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, চামড়ার সেই দিন আর নেই। আগে গরুর চামড়া তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হতো। গত বছরও দাম কম গেছে। তবে এবার কিছুটা দাম আছে, যদিও এটা ভালো দর না। চামড়া শিল্পকে বাঁচাতে হলে এর বাজার ঠিক করতে হবে।

আরও পড়ুন

×