ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর

পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর
×

রাজন শেখ ও ইব্রাহিম ফকির

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ০৮:৪৩

ঈদের দিন পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিনে পদ্মা সেতু দেখতে যাওয়ার উদ্দেশে ফরিদপুরের মধুখালী থেকে মোটরসাইকেলে রওনা দেন দুই বন্ধু রাজন শেখ ও ইব্রাহিম ফকির। পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারানখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজন শেখ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×