তাহিরপুরে নববধূ আনতে গিয়ে নৌকা ডুবে শিশু নিখোঁজ
ওবায়দুল শাহ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ০১:৪৮
সুনামগঞ্জের তাহিরপুরে নববধূ আনতে গিয়ে নৌকা ডুবে ওবায়দুল শাহ (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।
শিশুটি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের তৌহিদ নুর শাহের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বালিয়াঘাট গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে হাবলু শাহের সঙ্গে পার্শ্ববর্তী নয়াবন্ধ গ্রামের নাসির মিয়ার মেয়ের বিয়ে হয়। বিকেলে বরের বাড়ি থেকে একটি ছোট নৌকাযোগে শিশু ও নারীসহ ২০ থেকে ২৫ জন বরযাত্রী কনের বাড়িতে যান। নববধূকে নিয়ে ফেরার পথে পাটলাই নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি হঠাৎ উল্টে ডুবে যায়। এসময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু ওবায়দুল নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন নদীতে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজি করেও রাত পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাননি।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শুনেছি বরযাত্রীবাহী নৌকা ডুবে একটি শিশু নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। রাত হয়ে যাওয়ায় আপাতত উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আগামীকাল শনিবার সকালে উদ্ধার অভিযান চালানো হবে।
- বিষয় :
- সুনামগঞ্জ
