ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মাদক প্রতিরোধে দক্ষিণঘাটায় মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাদক প্রতিরোধে দক্ষিণঘাটায় মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ০৭:৩৪

চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা এলাকায় মাদক প্রতিরোধে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শতাধিক মুসল্লি, শিক্ষার্থী, যুবক ও স্থানীয় বাসিন্দা। সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে দক্ষিণঘাটা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিল থেকে ‘মাদকের বিরুদ্ধে লড়তে হবে একসঙ্গে’, ‘মাদকমুক্ত সমাজ চাই’, ‘মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করুন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পরে দক্ষিণঘাটা ঈদগাহ মাঠসংলগ্ন তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী।

তিনি বলেন, ‘আজ জুমার নামাজের পর এলাকার ছাত্র, যুবক ও মুরব্বিরা মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। সমাজকে রক্ষার জন্য সবাই দল-মত নির্বিশেষে রাস্তায় নেমে এসেছেন’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘পটিয়ার প্রশাসন যদি মাদক, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রশাসনকে ঘেরাও করা হবে।’

বদরুল খায়ের বলেন, সমাজ রক্ষায় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। সে কারণেই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। এই কর্মসূচির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও দাবি করেন তিনি।

পটিয়ার সংসদ সদস্য এনামুল হকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। প্রয়োজন হলে নিজেও এ প্রতিরোধে অংশ নেবেন।’

সমাবেশে আরও অভিযোগ করা হয়, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে টিকে থাকে। তবে মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের রাজনৈতিক সুরক্ষা দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার দক্ষিণঘাটা বাইপাসসংলগ্ন বিভিন্ন সড়ক, অলিগলি ও নির্জন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও অসামাজিক কর্মকাণ্ড চলে আসছে। সন্ধ্যার পর এসব এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়। অনেক সময় মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে লোকজন এসে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়।

তাদের দাবি, এসব অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরে কার্যকর অভিযান চোখে পড়েনি। এ কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এ অবস্থায় মাদক নির্মূলে সামাজিকভাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দক্ষিণঘাটার বাসিন্দারা।

আরও পড়ুন

×