রাতে যুবককে কুপিয়ে হত্যা, সকালে ব্যবসায়িক অংশীদার আটক
নিহত জুবায়েদ। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১১:৪৪ | আপডেট: ৩০ মে ২০২৬ | ১১:৫৭
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তার ব্যবসায়িক অংশীদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের আলতাফ হোসেনের ছেলে জুবায়েদ (২২) শৈলজানি আলিম মাদ্রাসার পাশের রাস্তায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন।
পুলিশ জানায়, শনিবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী উপজেলা হোসেনপুরের সাহেদল এলাকা থেকে নিহতের ব্যবসায়িক অংশীদার রানা (৩৫) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
এ সময় তার পরিহিত শার্টে রক্তের দাগ পাওয়া যায় এবং সেটি জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি পাশের একটি জমিতে ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, জুবায়েদ বেকারি ব্যবসার পাশাপাশি একটি কোম্পানির অটোরিকশার ব্যাটারি সরবরাহের কাজ করতেন। তিনি পারিবারিকভাবে একটি মুরগির খামারের সঙ্গেও জড়িত ছিলেন। অভিযুক্ত রানা তার ব্যবসায়িক অংশীদার ছিলেন।
ঘটনার রাতে জুবায়েদ বাড়ি থেকে কোদালিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলে শৈলজানি আলিম মাদ্রাসার কাছে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- কুপিয়ে হত্যা
- আটক
