নরংসিংদীতে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ছবি: সমকাল
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৭:৪৮
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও ইলেকট্রিক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার দুপরে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপাড়া গ্রামের জুনায়েদ শেখ (১৩) ও একই থানার লাকুশী গ্রামের রুবেল শেখ (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইলেকট্রিক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালক মো. রুবেল শেখ ও যাত্রী জুনায়েদ শেখ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন জুনায়েদের মা মাহফুজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন এবং রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার সময় পথেই মৃত্যু হয় রুবেলের।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- নিহত
- সড়ক দুর্ঘটনা
