যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার
ছবি: সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ২০:৩১
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান ও সেবার স্বীকৃতিস্বরূপ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক দেয়া হয়েছে। শনিবার দুর্গাপুরের গুজিকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি প্রথাগত ধারার রাজনৈতিক কর্মী নই। যা করতে পারব, ততটুকুই বলব এবং যা বলব, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। আমার ঐতিহ্য, আমার ইতিহাস, আমার ব্যাকবোন হচ্ছেন আমার বাবা। যিনি একজন কৃষক ছিলেন।’
কলমাকান্দা-দুর্গাপুর অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘একসময় এ এলাকায় কিষাণ কলেজ, পশু হাসপাতালসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল, যা কালের বিবর্তনে হারিয়ে গেছে। সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের অনেক সুযোগ-সুবিধা থেকেও এ জনপদ বঞ্চিত হয়েছে। রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও পর্যায়ক্রমে উন্নতমানের অবকাঠামো ও প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।’
এ সময় ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর মেরামতের জন্য উপস্থিত সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি। বক্তব্যে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে।’
মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীকে রাজনৈতিক কিংবা সামাজিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধীদের সহযোগিতাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সমাজ ও রাষ্ট্র গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বাকলজোড়া ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গুজিকোনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
- বিষয় :
- ডেপুটি স্পিকার
- সম্মাননা
