অপপ্রচার ও বিভ্রান্তি মোকাবিলায় জনগণের পাশে থাকার আহ্বান পানিসম্পদমন্ত্রীর
ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ২০:৫৪
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, ‘বিগত নির্বাচনে কিছু মহল ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তারা বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে নানা অপব্যাখ্যা ও অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এসব অপপ্রচারের জবাব দিতে হলে নিজেদের সঠিক কাজ মানুষের সামনে তুলে ধরতে হবে।’ শনিবার বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ্যানী বলেন, ‘নির্বাচনের পর আমাদের দায়িত্ব আরও বেড়েছে। আমরা যে ভালো কাজগুলো করছি, সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে প্রতিনিয়ত মানুষের সেবা করে তাদের পাশে দাঁড়াতে হবে। এটিই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।’
তিনি বলেন, ‘রাজনীতি মানে শুধু নির্বাচন নয়, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি রাজনৈতিক দল শক্তিশালী হয়। তাই নেতাকর্মীদের সবসময় জনগণের কল্যাণে কাজ করতে হবে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে এ্যানী বলেন, ‘আসুন, লক্ষ্মীপুরের মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকি। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের কল্যাণে কাজ করি। মানুষের সেবা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই আমাদের রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’
মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘তাঁর নেতৃত্বে দীর্ঘদিন রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক শিক্ষা লাভের সুযোগ হয়েছে। তা দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করতে হবে।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম অব্যাহত থাকবে। মানুষের পাশে থেকে কাজ করার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন। এতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পানিসম্পদমন্ত্রী
- অপপ্রচার
