সুবর্ণচরে মাদকবিরোধী আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ২২:৩৮
নোয়াখালীর সুবর্ণচরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ‘মাদকমুক্ত সুবর্ণচর’ প্ল্যাটফর্মের উদ্যোগে শনিবার সকালে উপজেলার একটি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এতে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে মাদকবিরোধী বিষয় নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাদকবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন এবং মাদকমুক্ত সুবর্ণচর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
