বগুড়ায় ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত
নিহত আশরাফুল ইসলাম
বগুড়া ব্যুরো
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১০:০৭
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (৫৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চকহবিবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে নাগরবন্দর এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে লালদহ এলাকায় পৌঁছালে একটি আলুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
- বিষয় :
- নিহত
- সড়ক দুর্ঘটনা
