ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সালিশ থেকে বাড়ি ফেরার পথে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সালিশ থেকে বাড়ি ফেরার পথে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
×

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১১:৫৬ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১২:০৩

নোয়াখালীর বেগমগঞ্জে সালিশ থেকে বাড়ি ফেরার পথে জোবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবের বাবা ও এক ভাই প্রবাসে থাকেন। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের এক স্বজনের সঙ্গে স্থানীয় এক দোকানদারের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষের লোকজন মিলে সালিশ বসে। এ সময় স্থানীয়রা রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। 

অভিযোগ রয়েছে, পথে বাজারসংলগ্ন একটি অন্ধকার স্থানে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে হামলা চালায়। ভাইকে রক্ষা করতে গেলে রিমনও হামলার শিকার হন। হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রিমনের চিকিৎসা চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং হামলাকারীদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। সে অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

×