দেবিদ্বারে মহাসড়কে চলন্ত লরির ওপর গাছ পড়ে তিন ঘণ্টার যানজট
ছবি: সমকাল
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৫:৪৩
কুমিল্লার দেবিদ্বারে থানা প্রাঙ্গণের একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ উপড়ে চলন্ত লরির ওপর পড়ে যাওয়ায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। রোববার সকাল ১০টার দিকে মহাসড়কের দেবিদ্বার থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার থানা প্রাঙ্গণের বহু বছরের পুরোনো কৃষ্ণচূড়া গাছটি হঠাৎ মূলসহ উপড়ে মহাসড়কের ওপর পড়ে যায়। এ সময় সড়ক দিয়ে চলাচলরত একটি লরির ওপর গাছটি আছড়ে পড়ে। একই সঙ্গে গাছের আঘাতে সড়কের বিপরীত পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায় এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ব্যস্ততম মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। পাশাপাশি দেবিদ্বার থানা পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে। দুপুর ১টার দিকে গাছটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সকালে হঠাৎ করেই গাছটি উপড়ে একটি চলন্ত লরির ওপর পড়ে। এতে থানার প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় গাছটি সড়ক থেকে অপসারন করার পর বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’
এদিকে গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় দেবিদ্বার থানা গেট, শান্তি রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর দেবিদ্বার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আকিয়াব হোসেন জানান, বিশাল গাছটি পড়ে যাওয়ায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। খুঁটি প্রতিস্থাপনে কাজ দ্রুতগতিতে চলছে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- গাছ
