ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রহ্মপুত্রে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ব্রহ্মপুত্রে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

​দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২২:৪০ | আপডেট: ৩১ মে ২০২৬ | ২২:৫৪

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী শাওনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পর রোববার সন্ধ্যা ৬টার দিকে সানন্দবাড়ি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত শাওন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শাওন তার সহপাঠীদের নিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে তিনি পানির স্রোতে ভেসে যান এবং ডুবে নিখোঁজ হন। সহপাঠীরা খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্বজনদের জানালে স্বজনরা দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসে জানায়। 

পরে সেদিনই জামালপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ওই দিন শনিবার বিকেল ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে। এতে সন্ধান না পাওয়ায় রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আবারও দ্বিতীয় দফা উদ্ধার কার্যক্রম চালায়। তাতেও শাওনের সন্ধান পাওয়া যায়নি। কিছুক্ষণ বিরতির পর আবারও তৃতীয় দফা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ডুবুরি দল। 

পরে বিকেল ৬টার দিকে সানন্দবাড়ি এলাকার মণ্ডলপাড়া মজিবর রহমানের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের জলে শাওনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তা উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম জানান, নদে ডুবে নিখোঁজ শিক্ষার্থী শাওনের লাশ বিকেল ছয়টার দিকে উদ্ধার করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী শাওনের মরদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×