বাঁশের সাঁকো থেকে খালে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১২:৩৮
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে বাঘবেড় ইউনিয়নের খামারপাশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জহিরুল ইসলামের দুই ছেলে আল আমিন (১২) ও মাহিন (৮)।
জানা গেছে, আল আমিন ও মাহিন বাবা-মায়ের সঙ্গে খামারপাশা গ্রামে তাদের নানার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল। গত শনিবার বিকেলে বাড়ির পাশে খালের ওপর নির্মিত একটি সরু বাঁশের সাঁকো পার হচ্ছিল তারা। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে দুই ভাই খালের পানিতে পড়ে তলিয়ে যায়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, শিশু দুটি যখন খালের পানিতে পড়ে যায়, তখন ঘটনাস্থলের কাছাকাছি থাকা অন্য এক শিশু বিষয়টি দেখতে পায়। সে দ্রুত দৌঁড়ে গিয়ে স্থানীয়দের ও পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয়রা খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি।
পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় ধোবাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
- বিষয় :
- নিহত
