ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বন্ধুদের সঙ্গে নেমেছিলেন সমুদ্রে, ১৮ ঘণ্টা পর মিলল মরদেহ

বন্ধুদের সঙ্গে নেমেছিলেন সমুদ্রে, ১৮ ঘণ্টা পর মিলল মরদেহ
×

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১২:৫৬

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পর্যটক মোহাম্মদ আবির (১৮) পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে।

সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গাল পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন আবির। একপর্যায়ে তিনি সাগরের স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং সারারাত অনুসন্ধান চালান।

তিনি বলেন, সোমবার ভোরে নাজিরারটেক এলাকায় অনুসন্ধানকালে সকাল ৫টা ২৮ মিনিটের দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরের মরদেহ দেখতে পান উদ্ধারকারীরা। পরে মরদেহটি তীরে তুলে পুলিশকে খবর দেওয়া হয়।

ওসমান গনি আরও জানান, রোববার লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আবির নিখোঁজ হন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার করা মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, আবিরসহ ঢাকার নয়জন বন্ধু রোববার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। সকাল ৭টার দিকে তারা কক্সবাজার পৌঁছে একটি গেস্ট হাউজে ওঠেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সী-গাল পয়েন্টে গোসলে নামলে দুর্ঘটনাটি ঘটে।
 

আরও পড়ুন

×