মাদকাসক্ত নাতিদের যন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধার ‘আত্মহত্যা’
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৩:০৭
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকাসক্ত নাতিদের বিরুদ্ধে নালিশ ও মাদকের টাকার জোগান দিতে অতিষ্ঠ হয়ে মরতুজা বেগম নামের এক বৃদ্ধ ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ হারান তিনি। মরতুজা বেগম (৬৫) উপজেলার খরকমারা গ্রামের জিল্লু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আশ্রবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে শুয়ে পড়েন মরতুজা বেগম। এতে শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ট্রেনযাত্রী উপজেলার ছয়সুতী গ্রামের সালমা বেগম (৪৫) বলেন, তিনি ট্রেনের ইঞ্জিন বগিতে ছিলেন। এ সময় তিনি স্পষ্ট দেখতে পান, এক বৃদ্ধা দৌড়ে এসে ট্রেনটির সামনে শুয়ে পড়েন।
এলাকাবাসীর ভাষ্য, মরতুজা একসময় মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করলেও কয়েক বছর ধরে ভিক্ষাবৃত্তি করতেন। তাঁর সংসারে দুই ছেলে রাকিব ও সাকিবকে নিয়ে থাকতেন মেয়ে জাহানারা বেগম (৩৮)। রাকিব ও সাকিব দুজনই মাদকাসক্ত। মাদকের টাকার জোগান দিতে নানিকে প্রায়ই মারধর করত তারা। পাশাপাশি এলাকাবাসীও মরতুজা বেগমের কাছে নাতিদের বিরুদ্ধে নানা নালিশ নিয়ে আসত। সবশেষ গত শুক্রবারও দুই নাতি মরতুজাকে মারধর করে।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
- বিষয় :
- নিহত
