ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
×

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৪:২০

নাটোরের সিংড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও তিন মোটরসাইকেল আরোহীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়। এর আগে রোববার রাতে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী প্রাণ হারান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বন্দর আমতলা ব্রিজ এলাকায় বগুড়া থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন সাইফুল ইসলাম (২৬) নামে আরেকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইফুল নাটোর সদর উপজেলার আলাইপুর এলাকার তৈয়ব আলীর ছেলে।

নিহত অন্য দুইজন হলেন— নাটোর সদর উপজেলার ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন হীরা (২৬) এবং লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮)।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, নিহত তিনজন মোটরসাইকেল আরোহী পরস্পরের আত্মীয়। তারা সিংড়ার দিকে ঘুরতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের একটি গ্রামীণ সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হন। তিনি ওই গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘রোববার রাতে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া সোমবার সকালে মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।’

আরও পড়ুন

×