ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া

বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া
×

প্রতীকী ছবি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৯:২৬

কুমিল্লার দেবিদ্বারে বড় বোনের সঙ্গে গোসল করতে নেমে খালের পানির প্রবল স্রোতে তলিয়ে ফারিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল ব্রিজসংলগ্ন লক্ষার খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া সংচাইল গ্রামের মো. শাহাদাত হোসেনের মেয়ে। প্রায় তিন ঘণ্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে ফারিয়া তার বড় বোন সামিরা (১১) ও কয়েকজন শিশুর সঙ্গে খালে গোসল করতে নামে। প্রবল স্রোতে ফারিয়া ভেসে যেতে শুরু করলে বোন সামিরা তাকে ধরে রাখার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে পাশের এক নারী এগিয়ে এসে সামিরাকে উদ্ধার করলেও ফারিয়া স্রোতের টানে তলিয়ে যায়।

খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে বিকেল ৩টার দিকে কচুরিপানার নিচ থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, বর্ষার কারণে খালে পানির স্রোত বেশি ছিল। এ কারণেই শিশুটি তলিয়ে যায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির প্রবল স্রোতেই এ দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×