ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণঅধিকার পরিষদের নেতার বৌভাত অনুষ্ঠানে হামলা-লুটপাট

গণঅধিকার পরিষদের নেতার বৌভাত অনুষ্ঠানে হামলা-লুটপাট
×

সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ২০:১২

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের এক নেতার বৌভাত অনুষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় বর, তাঁর ভাই ও বোনসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

আহতরা হলেন- গণঅধিকার পরিষদের কর্শাকড়িয়াইল ইউনিয়ন শাখার আহ্বায়ক সেলিম খান, তাঁর বড় ভাই আসাদ খান, বোন মদিনা আক্তার এবং মোশারফ ও সাইফুল নামে আরও দুজন। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, সেলিম খানের বৌভাত অনুষ্ঠানের সময় কয়েকজন তরুণ তাঁর বাড়ির ভেতরে মোটরসাইকেল রেখে পাশের বাড়িতে মাদক সংগ্রহ করতে যায়। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে মোটরসাইকেল সরিয়ে নিতে বললে তারা ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পর ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 

এ ঘটনায় সোমবার সেলিম খান সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ বাদে কড়িয়াইল গ্রামের পল্লব, রিফাত, সাব্বির, রাব্বি, মোবারক এবং আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সেলিম খান জানান, হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি উপস্থিত লোকজনকে মারধর করে। একপর্যায়ে কনের গলা থেকে এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, বর ও কনের দুটি স্বর্ণের আংটি এবং বৌভাত অনুষ্ঠানে উপহার পাওয়া ৯৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

আরও পড়ুন

×