গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ২১:৫৫
গাইবান্ধায় পানিতে ডুবে সৃজন কুমার (৬) ও বৃন্দা রানী (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার ও বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে স্থানীয় সবির মিয়ার পুকুরপাড়ে জাম কুড়াতে যায় দুই শিশু। সবার অজান্তে একসময় দুই শিশু পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
- বিষয় :
- শিশুর মৃত্যু
- পানিতে ডুবে মৃত্যু
