ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির বিক্ষোভ
×

যশোরে বিক্ষোভ এনসিপির

যশোর অফিস

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৪:০৮

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে শহরের চিত্রামোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে তারা মোটরসাইকেল ঠেলে নিয়ে তেলের দাম বৃদ্ধির প্রতীকী প্রতিবাদ জানান।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাড়িখানা তেল পাম্পের সামনে মোটরসাইকেলগুলো রেখে প্রতিবাদ সমাবেশ করেন তারা। কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়োজিদ হোসেনসহ যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, জনগণ আশা করেছিল নতুন সরকার তাদের প্রত্যাশা পূরণ করবে। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে। এর আগে আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালির সংকটের কারণে তেলের দাম বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার পরও দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেটে খাওয়া মানুষের জীবন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।
সমাবেশে মুনির আজাদ বলেন, তেলের দাম বাড়িয়ে সরকার অতীতের স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে। বিশ্ববাজারের পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে।

উল্লেখ্য, এক মাসের ব্যবধানে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ঘোষণায় প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও অকটেন ১৪৫ টাকা। 

আরও পড়ুন

×