হান্নান মাসউদের জন্য বিলম্বে ফেরি ছাড়ার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৭:৫১
| প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের জন্য দেরিতে ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। যাত্রীরা বলছেন, এমপির জন্য ‘মহানন্দা’ ফেরি প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়েছিল। ফেরিতে যাত্রীদের সঙ্গে এমপি ও ফেরি কর্তৃপক্ষের লোকজনের বিতণ্ডাও হয়েছে।
স্থানীয় লোকজন ও ফেরির যাত্রীরা জানান, ফেরি মহানন্দা রোববার বিকেল সোয়া ৪টায় চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে এসে বিকেল ৫টা ৪৫ মিনিটে হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছায়। সাধারণত আনলোড ও লোডিং কার্যক্রম শেষ করে সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ফেরিটি রওনা হওয়ার কথা থাকলেও সেটি রাত পৌনে ৯টায় নলচিরা ঘাট ত্যাগ করে।
যাত্রীদের অভিযোগ, রোববার বিকেল থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বুকিং নেওয়া হলেও ফেরি আনলোডের পর সেগুলো ফেরিতে উঠতে দেওয়া হয়নি। এতে প্রচণ্ড গরমে দীর্ঘসময় অপেক্ষা করতে বাধ্য হন কর্মস্থলমুখী শতশত নারী-পুরুষ।
ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক বলেন, ফেরিটি ছাড়তে প্রায় ঘণ্টা দেড়েক বিলম্ব হয়েছে। একজন সংসদ সদস্যের জন্য এই বিলম্ব করাটা বিলম্বের মধ্যে পড়ে না।
হান্নান মাসউদের একাধিক অনুসারী সামাজিক মাধ্যমে দাবি করেন, ফেরিঘাটের অনিয়মের বিষয়ে খোঁজ নিতে তিনি (এমপি) ঘাট পরিদর্শনে যান। একটি পক্ষ এই বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে।
এ ব্যাপারে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু সিন্ডিকেট পরিকল্পিতভাবে ঘাটে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। ওই চক্রটি মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এর ফলে ঘাটসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রোববারও একইভাবে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এর উদ্দেশ্য আমাকে রাজনৈতিকভাবে হেয় এবং ব্যর্থ প্রমাণ করা।’ তিনি বলেন, সাধারণ যাত্রী কিংবা ভিআইপি কারও জন্যই ফেরি নিয়মের বাইরে অপেক্ষা করবে না। নির্ধারিত সময়ে ফেরি চলাচল করবে।
হান্নান মাসউদ আরও বলেন, নির্দিষ্ট সময়েই তিনি ফেরিঘাটে পৌঁছেছেন। তাঁকেও ঘাটে পৌঁছানোর পর প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে।
- বিষয় :
- হান্নান মাসউদ
