মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না
শফিকুল ইসলাম মাসুদ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৭:৫৫ | আপডেট: ০২ জুন ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা জাইনা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’ গত রোববার প্রকাশিত একটি ভিডিও ফুটেজে তাঁকে এসব বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
গত শনিবার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুল ইসলাম।
নিজের রাজনৈতিক অতীত ও সাংগঠনিক কর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না। মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, ‘জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়।’
শফিকুল ইসলামের বক্তব্যের কিছু অংশকে সমালোচকরা উস্কানিমূলক বলে মনে করছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি সমকালকে বলেন, ‘আমার শ্বশুর, শাশুড়ি ও প্রয়াত বাবার নামে বিভিন্নভাবে অশালীন কথাবার্তা ছড়াচ্ছে একটি পক্ষ, তাদের একটু বলেছি। এটাও প্রকাশ করেন।’
- বিষয় :
- জামায়াত
