ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রুশ-ইউক্রেন যুদ্ধে পাঁচ বাংলাদেশি, মিলছে না খোঁজ

আবু হানিফের জন্য কান্না থামছে না মা ও স্ত্রীর

আবু হানিফের জন্য কান্না থামছে না মা ও স্ত্রীর
×

আবু হানিফ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৮:১৩ | আপডেট: ০২ জুন ২০২৬ | ০৯:৪০

| প্রিন্ট সংস্করণ

বৃদ্ধ মা ছেলের অপেক্ষায় দিন গুনছেন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জানেন না– স্বামী বেঁচে আছেন, নাকি মারা গেছেন। ঘরের মানুষটি বিদেশে গিয়েছিলেন ভাগ্য বদলাতে। এখন তার খোঁজ নেই। কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল গ্রামের ২৫ বছর বয়সী আবু হানিফ এক মাস ২৩ দিন ধরে রাশিয়ায় নিখোঁজ। পরিবারের দাবি, রাজমিস্ত্রির কাজের কথা বলে তাঁকে রাশিয়ায় পাঠানো হলেও পরে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়। গত ১৭ এপ্রিলের পর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

গতকাল সোমবার সকালে গাগলাইল গ্রামে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ টিনের ঘরে বসে আহাজারি করছেন হানিফের মা ছফুরা খাতুন। আশপাশের মানুষ ও স্বজনরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সন্তানের কোনো খোঁজ না পেয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে ছফুরা খাতুন বলেন, ‘আমার ছেলের কোনো খোঁজ পাইতাছি না। ছেলের বউডা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার ছেলেরে তোমরা আইনা দেও। ঋণ কইরা আট লাখ টাকা দিছি চাকরির জন্য। এখন জানিও না– বাঁচে আছে, নাকি মারা গেছে।’

প্রায় ১০ বছর আগে মারা যান হানিফের বাবা সুরত আলী। দুই ছেলে, তিন মেয়ের মধ্যে হানিফ তৃতীয়। তিনি কোরআনের হাফেজ। আট মাস আগে ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের শারমিনকে বিয়ে করেন। বর্তমানে শারমিন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ-উল-আদিব বলেন, অনিয়মিত উপায়ে কেউ বিদেশ গেলে তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়ে। তারপরও যথাযথ আবেদন পেলে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পারে সরকার।

আরও পড়ুন

×