ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেত্রকোনায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও ছেলে আহত

নেত্রকোনায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও ছেলে আহত
×

ছবি: সমকাল

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১০:৩৯

নেত্রকোনা পৌর শহরে নিজ বাসায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী আবু চান (৬০) ও ছেলে মুন্না মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উত্তর কাটলী এলাকার একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবদুর রশিদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকায় বিদ্যুৎ না থাকার সুযোগে হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে ছেলে মুন্না মিয়াকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্ত্রী ও ছেলেকে বাঁচাতে গেলে আবু চানও হামলার শিকার হন। রাত ৯টার দিকে নিহতের মেয়ে লিজা মণি বাসায় এসে বাবা ও ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারী আবদুর রশিদকে আটক করেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়রা আহত আবু চান ও মুন্না মিয়াকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে মুন্না মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মেয়ে লিজা মণি বলেন, ‘রাত ৯টার দিকে বাসায় ঢুকে দেখি বাবা ও ভাইকে রশিদ মিয়া কুপিয়ে আহত করেছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে খাটের নিচ থেকে মায়ের মরদেহ উদ্ধার করা হয়। রশিদ আমাদের পূর্বপরিচিত। তিনি রিকশা চালান। প্রায়ই টাকা ধার নিতেন আমাদের থেকে।’

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ‘এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি পিবিআইও ছায়া তদন্ত শুরু করেছে।’

আরও পড়ুন

×