ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জে চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
×

ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১১:০৫ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১১:৩৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারি চুরির অভিযোগে তিনজনকে আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। একই সঙ্গে আটক তিনজনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন— ওহাব গাজী (৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০), জলিল গাজী (৪৬), ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ, হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২) ও জাহিদুল বরকতউল্লাহ (৩৮)। তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী রকিব শেখ, কালাম মৃধা এবং সিয়াম হোসেন জানিয়েছেন, ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সদস্যরা ব্যাটারি চুরির অভিযোগে কোটালীপাড়া উপজেলার কাঠিগা গ্রামের মোরসালিন মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া এবং ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়াকে আটক করেন। পরে তাদের বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির কার্যালয়ে রাখা হয়। খবর ছড়িয়ে পড়লে কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ে ভাঙচুর করে এবং আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, ‘আমাদের গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে মোরসালিন, রাসেল ও আব্দুল্লাহ ব্যাটারি চুরি করে বিক্রি করে দেয়। পরে তাদের আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। এরই মধ্যে কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন এসে হামলা চালায়, মারধর করে এবং আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কার্যালয়, কয়েকটি বাড়িঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×