ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১১:৩৮
নওগাঁর ধামইরহাটে সড়কের পাশে রাখা খড়ের স্তূপে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকচাপায় আজিজার রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা নুরুজ্জামান (৬০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে ধামইরহাট-নজিপুর আঞ্চলিক মহাসড়কের বিহারিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলে করে বাবা-ছেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বিহারিনগর এলাকায় সড়কের ওপর খড় শুকানোর কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়েছিল। এ অবস্থায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা খড়ের স্তূপে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের নিচে চাপা পড়েন আজিজার রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে তার বাবা নুরুজ্জামান সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ধামইরহাট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নুরুজ্জামানকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর খড় শুকানো এবং রাস্তার পাশে খড়ের স্তূপ ফেলে রাখার কারণে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি ছিল। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
