ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মার্চে বাড়িতে ঢুকে গুলি, এবার ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

মার্চে বাড়িতে ঢুকে গুলি, এবার ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৭:২৬

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে কাজী রাশিদুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, চলতি বছরের ১৯ মার্চ সকালে বাড়িতে কাজী রাশিদুলের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। সেদিন রাশেদ বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। সন্ত্রাসীদের গুলিতে রাশেদের মা রঞ্জুয়ারা বেগম, বাবা কাজী আনিসুর রহমান, বড় ভাই রাইসুল ইসলাম ও স্ত্রী ফাহিমা গুলিবিদ্ধ হন। পরে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গুলি বের করা হয়েছিল।

নিহতের ভাই কাজী রাইসুল ইসলাম জানান, সকালে রাশেদ বাড়িতে ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে তার দুই বন্ধু এসে রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা জানতে পারেন স্কুলভিটার সামনে রাশেদকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মর্গে সামনে বিলাপরত অবস্থায় রাশের বাবা কাজী আনিসুর রহমান বলেন, ‘আগের বার ফাহিমার প্রথম স্বামী ইমরান বাড়িতে রাশেদকে মারতে এসেছিল। ওকে না পেয়ে আমাদের গুলি করে। ওই ঘটনার বিচার হলে আমার ভাইকে লাশ হতে হতো না।’

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, হত্যাকারীরা রাশেদের পূর্ব পরিচিত। তারা বাড়িতে এসে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে সাচিবুনিয়া এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। 

তিনি জানান, একটি মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল রাশেদ। সেখানে সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির সদস্য ইমরানের সঙ্গে তার পরিচয় হয়। পরে ইমরানের স্ত্রীকে বিয়ে করে রাশেদ। এই ক্ষোভে রাশেদের বাড়িতে ঢুকে গুলি করে ইমরান। এই হত্যাকাণ্ডের সঙ্গে আগের হামলার যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম ৫ মাসে খুলনায় ১৭টি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

আরও পড়ুন

×