কুড়িগ্রামে লিফলেট বিতরণ
গণভোটের ‘খ’ প্রশ্ন জুলাই সনদের পরিপন্থি দাবি বিএনপির
সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৭:৩৯
প্রস্তাবিত গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি বলে দাবি করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। দলটির নেতাদের মতে, উক্ত প্রশ্নটি মূলত একটি প্রচারণামূলক উদ্যোগ, যা জুলাই সনদের মূল চেতনা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ দাবির পক্ষে জনমত গঠন এবং জুলাই সনদের বিভিন্ন দিক জনগণের কাছে তুলে ধরতে আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ ও প্রচারণা চালায় জেলা বিএনপি।
লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। সনদে উল্লিখিত ১০০ সদস্যবিশিষ্ট উচ্চ পরিষদ গঠনসহ গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে দলটি দৃঢ় অবস্থানে রয়েছে। তাদের দাবি, গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জনগণকে বিষয়টি সম্পর্কে সচেতন করা প্রয়োজন।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি সনদের বাস্তবায়নের পক্ষেই রয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের জন্য সনদের ধারাগুলো বাস্তবায়ন জরুরি। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়াকোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় নেতারা জানান, জুলাই সনদের বিভিন্ন ধারা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং গণভোটের বিতর্কিত প্রশ্ন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতেই এ প্রচারণা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেন তারা।
- বিষয় :
- কুড়িগ্রাম
