ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনে ফ্রান্সে যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী

সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনে ফ্রান্সে যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী
×

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৮:০৫ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১৮:০৬

সড়কবাতির বিদ্যুৎ সাশ্রয়ী টেকনোলজি বিষয়ে সম্মুখ জ্ঞান অর্জনে ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট। আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ১১ দিনের জন্য তারা ফ্রান্সে যেতে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চিঠিও পাঠিয়েছেন। তবে এখনও অনুমোদন পাননি। 

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ বিষয়ে অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রাসিকের প্রশাসক ও প্রকৌশলীকে ফ্রান্স নিয়ে যাবে। রাসিকের প্রশাসক ও প্রকৌশলী সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে সম্মুখ জ্ঞান আহরণ করবেন। ফ্রান্স ভ্রমণের সরকারি আদেশ জারি করতে স্থানীয় সরকার বিভাগে পাঠানো রাজশাহী সিটি করপোরেশনের এই চিঠিতে সূত্র হিসেবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণপত্রের কথা বলা হয়েছে। এ ভ্রমণের যাবতীয় ব্যয়ভার সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বহন করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে আমদানি করি। আমাদের ডিলাররা বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে সড়কবাতি বিক্রি করে। যখন কোনো ক্রেতা ওয়ার্ক অর্ডার দেয় এবং উৎপাদন প্রক্রিয়া দেখতে যায় তখন তাদের আমরা সবকিছু দেখাতে ফ্রান্সে নিয়ে যাই।’ তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সিটি করপোরেশন সড়কবাতি কিনছে তা জানা নাই।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘আমাদের শহর তো লাইটের শহর। এখানকার একটা লাইটের দাম অনেক। আমরা যদি সেখানে গিয়ে এই খরচ কমাতে পারি, তাতে আমাদেরই লাভ। এর খরচটাও যদি কমানো যায় সেজন্য একটা আমন্ত্রণ পত্র পেয়েছি। আমরা চাইলেই বিদেশে যেতে পারব না। এটার জন্য আমাদের কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। এই ভ্রমণের জন্য সিটি করপোরেশনের কোনো টাকা লাগবে না। সরকারেরও কোনো টাকা লাগবে না। একটা প্রতিষ্ঠান নিয়ে যেতে চায়।’

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট বলেন,  ‘যে প্রতিষ্ঠান আমোদের নিয়ে যাওয়ার আমন্ত্রণ করেছেন, তারা কখনোই এখানকার কোনো টেন্ডারে অংশ নেয়নি। এখানকার কোনো কাজও তারা করেনি। তারা ফ্রান্সের ওলেক সেন্টারে আমন্ত্রণ করেছে। সেখানে যাওয়ার জন্য আমাদের কোনো টাকা লাগবে না। বরং কিছু জ্ঞান অর্জন হবে। আবার যদি সেখান থেকে বিদ্যুৎ সাশ্রয়ী কোনো উপকরণ বিনামূল্যে পাওয়া যায়, তবে আমাদের লাভই হবে। তবে আমরা এখনো চূড়ান্ত অনুমোদন পাইনি।’

আরও পড়ুন

×