রাঙামাটিতে পুলিশের উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাঙামাটি অফিস
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৯:১৩
রাঙামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকায় নিজ বাসা থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাজেদুল হক (৩৫) রাঙামাটি সদর ফাঁড়িতে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর সদর উপজেলার হনুমানেরচর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি তিনতলা ভবনের ভাড়া বাসায় স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতেন সাজেদুল হক। গভীর রাতে তিনি মেয়ের দোলনার রশি কেটে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেন। পরে তার স্ত্রী সাজিদা আক্তার বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
